প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
মুকসুদপুরের প্রবীণ সাংবাদিক ও কবি আমিরুজ্জামান ফারুকের ইন্তেকাল
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও কবি আমিরুজ্জামান ফারুক আর নেই। আজ শুক্রবার দুপুর ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিক ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পেশাগত জীবনে আমিরুজ্জামান ফারুক দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। কলাম, কবিতা ও সংবাদের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি, সাধারণ মানুষের কথা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। কর্মজীবনে তাঁর নিষ্ঠা, সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতা সহকর্মী ও পাঠকদের কাছে তাঁকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।আমিরুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় মো. ছিরু মিয়া বলেন, আমিরুজ্জামান ফারুক ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, কলামিস্ট ও কবি। তাঁর মৃত্যুতে মুকসুদপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও অবদান আমাদের মাঝে দীর্ঘ দিন স্মরণীয় হয়ে থাকবে।এ ছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো