প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
নেপালকে হারিয়ে বাংলাদেশ নারী কাবাডি দলের জয় দিয়ে শুরু
খেলা ডেস্ক ||
এশিয়ান গেমসের প্রস্তুতির প্রথম পরীক্ষায় দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।শুক্রবার ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল বাংলাদেশের আধিপত্য। প্রথমার্ধের খেলা শেষ হয় ১৪-১০ ব্যবধানে বাংলাদেশের এগিয়ে থাকার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।খেলা শুরুর আগে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে সৌজন্য সাক্ষাৎ করেন।এর আগে সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো