প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
বিশ্বজয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে, ভাঙতে পারে ব্রাজিলের দুই ঐতিহাসিক রেকর্ড!
খেলা ডেস্ক ||
বিশ্বকাপের ফাইনাল শুরু হতে বাকি এখনো ২৪ ঘণ্টারও বেশি সময়। তবে এখন থেকেই ফুটবলপ্রেমীদের মনে কাজ করছে টানটান রোমাঞ্চ ও উত্তেজনা। আর্জেন্টিনা কি জিতবে টানা দ্বিতীয় বিশ্বকাপ, নাকি ১৬ বছরের দীর্ঘ অপেক্ষা ফুরোবে স্পেনের—সেটার ফয়সালা হবে আগামীকাল। শিরোপা নির্ধারণী এই মেগা ফাইনালে বিশ্বজয়ের পাশাপাশি আর্জেন্টিনার সামনে থাকছে ব্রাজিলের দুটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সুযোগ।যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে যদি লিওনেল স্কালোনির দল ৪টি গোল করতে পারে, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দুটি ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেবে তারা। চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপে আলবিসেলেস্তেরা এখন পর্যন্ত করেছে ১৯ গোল। কাল চার গোল করলে আর্জেন্টিনার মোট গোল হবে ২৩। তাতে করে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় তারা যৌথভাবে ফ্রান্সের পাশে বসবে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্স করেছিল রেকর্ড ২৩ গোল। আর ১৯৫০ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল করেছিল যথাক্রমে ২২ ও ১৯ গোল।এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে অবশ্য হাঙ্গেরি সবার চেয়ে অনেক এগিয়ে। ১৯৫৪ বিশ্বকাপে তারা করেছিল ২৭ গোল। একই বিশ্বকাপে পশ্চিম জার্মানি করেছিল ২৫ গোল। তবে ব্রাজিলের রেকর্ড ভাঙা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না। কারণ, এবারের বিশ্বকাপে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন্স রীতিমতো ‘চীনের মহাপ্রাচীর’ হয়ে দাঁড়িয়েছেন। টুর্নামেন্টের সাত ম্যাচ মিলিয়ে স্পেন মাত্র ১টি গোল হজম করেছে, বিপরীতে তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৩ গোল।কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের ধাক্কা সামলে ওঠার পর থেকেই মূলত অপরাজিত জয়রথ ছুটছে আর্জেন্টিনার। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে টানা ১৩ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচগুলোতে প্রতিটি জয়েই দুই বা ততোধিক গোল করে নতুন রেকর্ড গড়েছে তারা। এর আগে এই রেকর্ডটি ছিল উরুগুয়ের; ১৯৩০ থেকে ১৯৫৪ পর্যন্ত টানা ১১ ম্যাচে দুই বা ততোধিক গোল করেছিল লাতিন আমেরিকার দলটি।আর্জেন্টিনা এবার সেমিফাইনালে উঠেই নতুন এক অনন্য রেকর্ড গড়েছিল। কাতার বিশ্বকাপের শীর্ষ চার দলই এবার সেমিফাইনালে জায়গা করে নেয়, যেখানে আর্জেন্টিনা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে এবং স্পেনের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলোর এই দ্বৈরথ গত বছরের ৫ ডিসেম্বর সূচি নির্ধারণের সময়ই নিশ্চিত হয়েছিল, যা এবার মাঠের লড়াইয়েও সত্যি প্রমাণিত হলো।আগামীকাল নিউজার্সিতে স্পেন তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। অন্যদিকে আর্জেন্টিনা নামবে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে। রোববার আলবিসেলেস্তেরা চ্যাম্পিয়ন হতে পারলে ইতালি ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অনন্য কীর্তি গড়বে স্কালোনির দল।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো