প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
সেলফি ভিডিও দিয়ে ফ্রিতেই ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুযোগ আনল মেটা
প্রযুক্তি ডেস্ক ||
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল শনাক্ত করা ও ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি রোধ করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ সুবিধা চালু করছে ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান মেটা। ফেসবুক ভেরিফায়েড নামের এই নতুন সেবার মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা কোনো অর্থ খরচ না করেই তাঁদের অ্যাকাউন্টের জন্য ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন।নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো আসল মানুষের প্রোফাইল এবং এআই দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য সহজ করা। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও দ্রুতগতির। অ্যাকাউন্টটি যে একজন আসল ব্যক্তির, তা নিশ্চিত করতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা ওই সেলফি ভিডিওর সাথে অ্যাকাউন্টের বিদ্যমান প্রফাইল ছবির মিল বা সাদৃশ্য যাচাই করবে। সব তথ্য ও পরিচয় মিলে গেলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ভেরিফায়েড ব্যাজ। তবে চাইলেই প্রতিটি ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া অ্যাকাউন্টে পূর্বে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা মেটার কমিউনিটি গাইডলাইন ও নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে তাঁর আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। এটি কোনো বিজনেস পেজ (Page) বা প্রফেশনাল মোড (ProMode) চালু থাকা অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে না, কেবল ব্যক্তিগত প্রোফাইলের জন্য কাজ করবে। প্রাথমিক ধাপে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তীতে ব্যবহারকারীদের ফিডের মূল পোস্টে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার। একবার পরিচয় সফলভাবে যাচাই হয়ে গেলে পুরো প্ল্যাটফর্মেই স্থায়ীভাবে ব্যাজটি বহাল থাকবে। মেটা স্পষ্ট জানিয়েছে, এই বিনামূল্যে দেওয়া ব্যাজটি তাঁদের পূর্বের মেটা ভেরিফায়েড (Meta Verified) সেবার কোনো বিকল্প বা প্রতিস্থাপক নয়। মেটা ভেরিফায়েড হলো অর্থ দিয়ে সাবস্ক্রিপশনভিত্তিক কেনা একটি প্রিমিয়াম সেবা, যেখানে নীল ব্যাজের পাশাপাশি বাড়তি অ্যাকাউন্ট নিরাপত্তা, নকল রোধ ব্যবস্থা ও সরাসরি কাস্টমার সাপোর্ট দেওয়া হয়। অন্যদিকে নতুন এই 'ফেসবুক ভেরিফায়েড' সম্পূর্ণ বিনামূল্যে কেবল ব্যবহারকারীর আসল পরিচয় নিশ্চিতের জন্য আনা হচ্ছে। এতে কোনো বাড়তি প্রিমিয়াম সুবিধা থাকবে না। প্রথম পর্যায়ে নির্বাচিত কয়েকটি দেশে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য তা উন্মুক্ত করা হবে। মেটা আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে ফেসবুকে অনলাইন লেনদেন, বেচাকেনা ও পারস্পরিক যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো