প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের স্থগিতাদেশ প্রত্যাহার, কাল সকাল ৮টা থেকে সেবা শুরু
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। নিবন্ধন বা লাইসেন্স ফেরত পাওয়ায় আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ (OPD), অন্তর্বিভাগ (IPD), জরুরি বিভাগসহ (Emergency) সকল প্রকার চিকিৎসা সেবা কার্যক্রম পুরোদমে চালু হবে।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে লাইসেন্স পুনর্বহালের সুযোগ দেওয়ায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।আজ বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নম্বর: ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩) আদ্-দ্বীন হাসপাতালের স্থগিতকৃত লাইসেন্স ফেরত দিয়ে চিকিৎসাসেবা চালুর আনুষ্ঠানিক অনুমতি প্রদান করা হয়।প্রকাশিত বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, লাইসেন্স ফেরত পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা হচ্ছে। একই সাথে অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, মিডিয়া কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে কর্তৃপক্ষ, যাঁরা এ কঠিন সময়ে আদ্-দ্বীনের পক্ষে সোচ্চার ছিলেন।উল্লেখ্য, হাসপাতালটিতে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া নিবন্ধনটি তিনটি নির্দিষ্ট শর্তে পুনর্বহাল করেছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল এবং এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সার্বিক প্রতিবেদন পর্যালোচনা করার পরই শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে, চলতি বছরের ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।পরবর্তীতে তদন্তে হাসপাতালের অভ্যন্তরীণ সংক্রমণ নিয়ন্ত্রণ ঘাটতি, পরিবেশগত জটিলতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলার চিত্র উঠে আসে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদ্-দ্বীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।প্রসঙ্গত, আদ্-দ্বীন হাসপাতাল মূলত অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন-এর অধীনে পরিচালিত একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন, যিনি বিখ্যাত আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো