প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর প্রথম দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করেন।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টায় তিনি রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে পৌঁছান। বঙ্গভবনের প্রধান ফটক-২ এ পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানায়। পরবর্তীতে সুসজ্জিত অশ্বারোহী দলটি তাঁকে নির্ধারিত স্থানে নিয়ে যায়, যেখানে পিজিআর-এর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে।গার্ড অব অনার গ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির কার্যালয়ের অক্টাগন চত্বরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জানানো কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্ব শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তাঁর কার্যালয়ে নিজ আসনে উপবিষ্ট হন এবং উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের সামগ্রিক কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সার্বিক অবহিতকরণ ও ব্রিফিং প্রদান করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো