প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট, তল্লাশি জোরদার।
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, বিশেষ টহল এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতামূলক ব্যবস্থার কথা জানানো হয়।
সীমান্তে বিশেষ নজরদারি ও টহল
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে।
তল্লাশিতে কড়াকড়ি
বিজিবি জানায়, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতেও কড়া তল্লাশি চালানো হচ্ছে যাতে জ্বালানি তেল পাচার করা না যায়।
বিজিবি অধিনায়কের বক্তব্য
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন পরিবহন ও চলাচলের ওপর আমরা কঠোর নজর রাখছি।
তিনি আরও বলেন, কোনোভাবেই যেন সীমান্ত পথে দেশের সম্পদ জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো