প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
দীপ্ত টিভিতে আজ থেকে তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’
বিনোদন ডেস্ক ||
বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে আসছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ও আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডজয়ী নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, বিচ্ছেদ, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যঘেরা এই দারুণ রোমাঞ্চকর ও আবেগঘন ধারাবাহিকের বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’।আজ রবিবার (১৬ আগস্ট) থেকেই সিরিজটির প্রচার শুরু হচ্ছে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভি, ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্ত টিভির অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে দর্শক এই বাংলা ডাবিংকৃত সিরিজটি উপভোগ করতে পারবেন।২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তুরস্কের খ্যাতনামা স্টার টিভিতে প্রচারিত হয়েছিল মূল ‘কারা সেভদা’। এ পর্যন্ত বিশ্বের ১১০টিরও বেশি দেশে সিরিজটি অনূদিত ও সম্প্রচারিত হয়ে কুড়িয়েছে কোটি দর্শকের ভালোবাসা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ইউরোপজুড়ে এটি অভূতপূর্ব সাফল্য লাভ করে। তুর্কি ড্রামা সিরিজের ইতিহাসে এটিই প্রথম ধারাবাহিক, যা ৪৫তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে (International Emmy Awards) সেরা সিরিজ বা টেলিনোভেলার পুরষ্কার জিতেছিল।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত পরিবারের পরিশ্রমী তরুণ কামাল সোয়দেরে এবং ধনী পরিবারের স্বাধীনচেতা চিত্রশিল্পী নিহান সেজিন। সামাজিক ও অর্থনৈতিক বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও তারা তীব্র অনুরাগে একে অপরের প্রেমে পড়ে। কিন্তু তাঁদের এই ভালোবাসার মাঝে বড় বাধা হয়ে দাঁড়ায় চরম একগুঁয়ে ও ক্ষমতাবান ধনকুবের এমির কোজজুওলু।নিহানকে যেভাবেই হোক নিজের করে পেতে এমিরের হীন চক্রান্তের শিকার হয় নিহানের আপন ভাই। ভাইকে পরিকল্পিত খুনের মামলা থেকে বাঁচাতে বাধ্য হয়ে কামালকে ছেড়ে এমিরকে বিয়ে করে নিহান। অন্যদিকে হৃদয়ে বিচ্ছেদের ক্ষত নিয়ে শহর ছেড়ে অন্য স্থানে চাকরি নিয়ে চলে যায় কামাল।কয়েক বছর পর কামাল একজন সফল ও প্রভাবশালী ব্যবসায়ী হয়ে পুনরায় শহরে ফিরে আসে। সে উন্মোচন করতে শুরু করে তাঁদের বিচ্ছেদ ও নিহানের জীবনের রহস্যের পেছনের আসল সত্য। শুরু হয় প্রেম, অধিকার ও প্রতিশোধের মনস্তাত্ত্বিক লড়াই। কুচক্রী এমিরের একের পর এক পাতানো ষড়যন্ত্রের জাল টপকে আবারও কি এক হতে পারবে কামাল ও নিহান?—এমনই টানটান উত্তেজনা নিয়ে এগিয়েছে ডাবিং সিরিজটি।সিরিজটিতে কামালের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি তারকা বুরাক ওজচিভিত, নিহানের চরিত্রে নেসলিহান আতাগুল এবং খলচরিত্র এমিরের ভূমিকা মাতিয়েছেন কান উরগানসিওগ্লু।বাংলাদেশে সিরিজটির ডাবিংশে এই তিন কেন্দ্রীয় চরিত্রের কণ্ঠে প্রাণ দিয়েছেন শফিকুল ইসলাম (কামাল), রুবাইয়া মতিন গীতি (নিহান) ও মোর্শেদ সিদ্দিকী মরু (এমির)। মাহমুদুল হাসান মুরাদের সার্বিক তত্ত্বাবধানে ‘অনন্ত ভালোবাসা’ সিরিজের অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার কাজটি সম্পন্ন করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা দল।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো