প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
দেবের পরিচালনা দেখে শুরুতে ‘ঈর্ষা’ হয়েছিল, পরে অনুপ্রেরণা: শুভশ্রী
বিনোদন ডেস্ক ||
টলিউড তারকা দেবের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘দেশু-৭’-এর শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। অভিনেতা হিসেবে দীর্ঘদিন পর্দায় রাজত্ব করার পর এবার ক্যামেরার পেছনে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই জনপ্রিয় নায়ক। আর প্রথম পরিচালনার বিশেষ এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দেবকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।চিঠিতে দেবের সাবলীল পরিচালনা ও দক্ষ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাঁর প্রতি নিজের ভালোলাগা, মুগ্ধতা ও গর্বের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন শুভশ্রী।শুভশ্রী তাঁর বার্তায় জানান, কলকাতার চলচ্চিত্র আঙিনায় তাঁদের দুজনের পথচলা ও ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু হয়েছিল। তবে দেবের প্রথম পরিচালিত সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য ছিল একেবারেই নতুন ও অন্যরকম। এর আগে অভিনেতা দেবকে সহশিল্পী হিসেবে কাছ থেকে দেখার সুযোগ হলেও, এবার পরিচালক হিসেবে দেবের চিন্তা ও কাজের ধরনকে বাস্তবে রূপ নিতে দেখেছেন তিনি।খোলা চিঠিতে মনের ভাব প্রকাশ করতে গিয়ে শুভশ্রী লেখেন, আজ ‘দেশু-৭’-এর শেষ শুটিং। তাই মনে হলো এই কথাগুলো লিখে রাখা দরকার। আমাদের দুজনের যাত্রা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে পেরেছি। একজন পরিচালক হিসেবে তোমাকে এবং তোমার ভাবনাকে বাস্তবে রূপ নিতে দেখেছি।তবে শুরুতে পরিচালক দেবকে পর্দায় কাজ করতে দেখে কিছুটা ‘ঈর্ষা’ হয়েছিল বলেও স্বীকার করেছেন শুভশ্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি এত নিখুঁতভাবে নির্মাণের সার্বিক কাজ সামলাতে দেখে তিনি রীতিমতো অবাক হন। তাঁর মনে প্রশ্ন জেগেছিল, দেব কখন চিত্রনাট্য ও নির্মাণের এত জটিল বিষয় শিখে ফেললেন।অভিনেত্রী লেখেন, সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষা হয়েছিল। একজন পরিচালক হিসেবে তোমাকে এতটা গুছানো দেখে অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় চরিত্রে অভিনয় করতে করতে তুমি চিত্রনাট্য ও নির্মাণ সম্পর্কে এত কিছু কখন শিখে ফেললে? কীভাবে এত সুন্দরভাবে সবকিছু সামলালে?সিনেমার কাজ যত এগিয়েছে, সেই প্রাথমিক ঈর্ষা তত দ্রুত অনুপ্রেরণায় রূপ নেয় বলে জানান শুভশ্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশু-৭’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও পুরো চলচ্চিত্র অঙ্গন একজন নতুন ধারার ও ভিন্ন মেজাজের চিত্রনির্মাতাকে দেখতে পাবে।চিঠির শেষাংশে দেবের প্রতি গভীর শ্রদ্ধা ও গর্ব প্রকাশ করে নতুন পরিচালক জীবনের পথচলায় সাফল্য কামনা করেন শুভশ্রী। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পরিচালক হিসেবেও দেবের সামনে এক উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ অপেক্ষা করছে। দেবের প্রথম পরিচালিত এই ছবি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে যে কৌতুহল তৈরি হয়েছিল, শুভশ্রীর এমন আবেগী চিঠি সেই আগ্রহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো