প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়
ইসলামিক ডেস্ক ||
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তিন প্রতিযোগী। বিশ্বমঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে একাধারে প্রথম ও দুটি তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন তারা।প্রতিযোগিতার পুরুষদের চতুর্থ শাখায় (পরপর ১৫ পারা হিফজ বিভাগ) অসাধারণ তিলাওয়াত ও নিখুঁত হিফজের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুহাম্মদ জাকারিয়া। প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল সম্মাননা।অন্যদিকে, পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে আন্তর্জাতিক প্রতিযোগীদের হারিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন আরও দুই বাংলাদেশি। পুরুষদের তৃতীয় শাখায় (পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ) বাংলাদেশের শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান কৃতিত্বের সাথে তৃতীয় স্থান অর্জন করেছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।একই প্রতিযোগিতার নারীদের বিভাগে পুরুষদের সমান্তরালে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মুসফিরা বিনতে মাহমুদ। নারীদের তৃতীয় শাখায় (পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ) অংশ নিয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। তাঁর ঝুলিতেও গেছে ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়ালের পুরস্কার।উল্লেখ্য, ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি চলতি বছরের আগস্ট থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মক্কার পবিত্র মসজিদুল হারামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় ১৩৩টি দেশ থেকে আগত ৩৩৪ জন শীর্ষস্থানীয় প্রতিযোগী এতে অংশ নেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসিরসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন।এবারের আসরে পুরুষ ও নারী উভয় বিভাগে পাঁচটি করে ভিন্ন শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ মোট ১ কোটি ২৬ হাজার সৌদি রিয়াল পুরস্কার মানি হিসেবে বিতরণ করা হয়। এতে পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার এবং নারীদের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শুরাইতিয়াহ প্রথম স্থান অর্জন করে সর্বোচ্চ ৫ লাখ রিয়াল করে পুরস্কৃত হন।আন্তর্জাতিক এই মহাসমাবেশে বাংলাদেশের তিন প্রতিনিধির এমন অভাবনীয় অর্জন বিদেশের মাটিতে দেশের গৌরব বৃদ্ধি করেছে। দেশের আলেম সমাজ ও ইসলামি চিন্তাবিদদের মতে, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার সুদৃঢ় ঐতিহ্য এবং শিক্ষার্থীদের কঠোর সাধনার এক উজ্জ্বল ও প্রামাণ্য দৃষ্টান্ত।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো