প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার পর্দায় বিশ্বমানের দুই সিনেমা
বিনোদন ডেস্ক ||
দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য সিনেমা দেখার আনন্দে নতুন মাত্রা যোগ করল হলিউডের নতুন দুই আলোচিত সিনেমা। একই দিনে বিশ্বমুক্তির সাথে মিল রেখে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেয়েছে হরর ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় দুটি সিনেমা— ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার এবং অ্যানিমেশন ধাঁচের পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি। শুক্রবার (২১ আগস্ট) থেকে দর্শক সিনেপ্লেক্সের পর্দায় সিনেমা দুটি উপভোগ করছেন।ভয়ের জগতের দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বড়পর্দায় এসেছে জনপ্রিয় ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার। অতিপ্রাকৃতিক গল্প ও রহস্যঘেরা কাহিনি নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন চিত্রনির্মাতা জ্যাকব চেজ। এই সিনেমার গল্পে দেখা যায়, জেমা নামের এক তরুণী মা তার ছোট মেয়েকে সাথে নিয়ে নিজের শৈশবের পুরোনো স্মৃতিবিজড়িত বাড়িতে বসবাস শুরু করে। একপর্যায়ে সে আবিষ্কার করে, তার ভেতরে রয়েছে এক অদ্ভুত ও অলৌকিক ক্ষমতা—যার মাধ্যমে সে মৃত আত্মার অদৃশ্য জগত ‘দ্য ফারদার’-এ যাতায়াত করতে পারে। জেমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ। অন্যান্য চরিত্রে দেখা গেছে ব্র্যান্ডন পেরিয়া ও মেইজি রিচার্ডসন-সেলার্সকে।অন্যদিকে, শিশু ও অ্যানিমেশনপ্রেমীদের চোখ জুড়াতে মুক্তি পেয়েছে পাও প্যাট্রল সিরিজের তৃতীয় সিনেমা ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’। ২০২৩ সালের সুপারহিট ‘পাও প্যাট্রল: দ্য মাইটি মুভি’-র সিকুয়েল হিসেবে এটি পরিচালনা করেছেন ক্যাল ব্রুঙ্কার। এতে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়াং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস ও জেনিফার হাডসন।এই সিনেমার গল্প শুরু হয় এক ভয়াবহ সমুদ্রঝড়ে পথ হারিয়ে পাও প্যাট্রল টিমের অচেনা প্রাগৈতিহাসিক ডাইনোসরদের দ্বীপে গিয়ে পৌঁছানোর মাধ্যমে। সেখানে খলনায়ক মেয়র হামডিঙ্গারের অবিবেচকের মতো ঘটানো এক বিকোফোরণে ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠলে চরম বিপদে পড়ে পুরো দ্বীপ। নিশ্চিত ধ্বংসের হাত থেকে প্রাগৈতিহাসিক প্রাণীদের বাঁচাতে সাহসিকতার সাথে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ে বীর পাও প্যাট্রল দল। সব মিলিয়ে চলতি সপ্তাহে দুই ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে বেশ সরগরম সিনেপ্লেক্স।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো