প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে কোকো স্মৃতি টুর্নামেন্টের সেমিফাইনাল
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুরে জমে উঠেছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। নকআউট পর্বের লড়াই শেষে এবার টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত দুটি সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) ও সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণ ঘিরে পুরো উপজেলায় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে বইছে তুমুল উত্তেজনা ও উন্মাদনা।দুটি হাইভোল্টেজ সেমিফাইনাল ও ফাইনালকে কেন্দ্র করে খেলাধুলার মাঠ প্রস্তুতের কাজ এখন শেষ ধাপে রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে খেলার মাঠ।ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (রবিবার) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাঁশবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং বাটিকামারী ইউনিয়ন ফুটবল একাদশ। পরদিন ৭ সেপ্টেম্বর (সোমবার) দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের মোকাবেলা করবে ভাবড়াশুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মহারাজপুর ইউনিয়ন ফুটবল একাদশ। দুটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।টুর্নামেন্টের সার্বিক আয়োজনের দায়িত্বে থাকা মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানান, দর্শকরাই একটি সফল টুর্নামেন্টের প্রাণ। তাই ক্রীড়ামোদী সর্বস্তরের জনসাধারণকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করা ও সুন্দর পরিবেশে খেলা উপভোগের জন্য বিনীত আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই সঙ্গে বিশাল এই টুর্নামেন্ট পরিচালনায় যেকোনো গঠনমূলক উপদেশ গ্রহণের মানসিকতা এবং কোনো ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।এদিকে উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সেমিফাইনালের বাধা পেরিয়ে বিজয়ী দুই দলকে নিয়ে আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) টুর্নামেন্টের কাঙ্ক্ষিত মেগা ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব সেলিমুজ্জামান সেলিম। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই পুরো কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলে ক্রীড়ানুরাগীদের মিলনমেলার আবহ তৈরি হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো