প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়া স্মৃতি ফুটবলে উরফি ইউনিয়নের ট্রফি জয়, রানার্সআপ বেথুড়ী ইউনিয়ন
খেলা ডেস্ক ||
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জে সম্পন্ন হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন গোপালগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়।ট্রফি নির্ধারণী খেলায় মুখোমুখি হয় উরফি ইউনিয়ন একাদশ ও বেথুড়ী ইউনিয়ন একাদশ। মাঠজুড়ে দু'দলের হাড্ডাহাড্ডি লড়াই ও প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর বেথুড়ী ইউনিয়ন একাদশকে পরাস্ত করে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত শিরোপা উঁচিয়ে ধরে উরফি ইউনিয়ন একাদশ। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বেথুড়ী ইউনিয়ন।সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। খেলা শেষে অতিথিগণ বিজয়ী উরফি ইউনিয়ন একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিজিত বেথুড়ী ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের হাতে রানার্সআপ স্মারক তুলে দেন।পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মাঠের ক্রীড়া চর্চা শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি বাড়াতে কার্যকর। একই সঙ্গে এটি নাগরিক জীবনে শৃঙ্খলা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক মূল্যবোধ তৈরিতে সহায়তা করে।জেলা পুলিশের কঠোর ও সুশৃঙ্খল নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলার ক্রীড়ানুরাগী সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো