প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক ||
দীর্ঘ প্রবাস জীবনের পাট চুকিয়ে নাড়ির টানে দেশে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু স্বজনদের কাছে ফেরা হলো না, তার আগেই বিদেশের মাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে চার প্রবাসী বাংলাদেশি।সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।বিমানবন্দরগামী প্রবাসীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ চারজন যাত্রী প্রাণ হারান।নিহত চারজনের সবাই সিলেট জেলার অধিবাসী বলে জানা গেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ। অন্য দুজনের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রমের পর দেশে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর আগেই চিরতরে থেমে যায় তাঁদের পথচলা। জন্মভূমিতে ফেরার বদলে প্রবাসের মাটিতে তাঁদের এই অকাল মৃত্যুর খবরে নিজ গ্রাম ও পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম।দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়েদারক। প্রবাসীদের হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। খবর পাওয়ার পরপরই নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা দেওয়া হয়েছে।এদিকে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু করেছে পরিবারগুলো।উল্লেখ্য, কানাইঘাট অঞ্চলে প্রবাসীদের অকাল মৃত্যুর করুণ তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই জুলাই মাসে সৌদি আরবে আরও এক কানাইঘাট প্রবাসী প্রাণ হারান। এবার একই উপজেলার আরও দুজনের প্রবাসে প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো