প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সাপ্তাহিক ছুটিতে মুখর কক্সবাজার, উত্তাল সাগরে পর্যটকদের উল্লাস
কক্সবাজার প্রতিনিধি ||
কাজের ব্যস্ততা ভুলে এক চিলতে শান্তির খোঁজে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের রোদেলা আলো আর মেঘের লুকোচুরির মাঝে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে ছিল দেশের দূরদূরান্ত থেকে আসা লাখো পর্যটকের প্রাণবন্ত সমাগম।বর্ষার প্রভাব কাটিয়ে আবহাওয়ার উন্নতি হতেই সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট জুড়ে দেখা গেছে সেই চেনা রূপ। সাগরের উত্তাল ঢেউয়ের গর্জন ও নির্মল হাওয়া উপভোগের পাশাপাশি সমুদ্রস্নানে মেতে উঠেছিলেন নানা বয়সের দর্শনার্থীরা। কেউ কেউ বালিয়াড়িতে বসে স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার শিশুরা মেতেছে আনন্দে।হঠাৎ পরিকল্পনা করে ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সিফাত মজুমদার জানান, আবহাওয়ার আগের সতর্কবার্তা কিছুটা দুশ্চিন্তায় ফেললেও শেষ পর্যন্ত সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে সব উদ্বেগ কেটে গেছে। অন্যদিকে জেনিফা মারজান নামের আরেক পর্যটকের মতে, সমুদ্রের এই মৃদু বাতাস আর ঢেউ শহরের সব ক্লান্তি নিমেষেই দূর করে দেয়।সৈকতের ভিড় বাড়ায় হাসি ফুটেছে স্থানীয় হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। বর্ষার মন্দা কাটিয়ে সামনের দিনগুলোতে পর্যটকের এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তাঁরা।এদিকে সমুদ্র কিছুটা উত্তাল থাকায় এবং বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় পর্যটকদের নিরাপত্তায় লাল পতাকা টাঙিয়ে সতর্কতা সংকেত জারি রাখা হয়েছে। সি সেফ লাইফ গার্ড সংস্থার প্রবীণ সদস্য সাইফুল্লাহ সিফাত জানান, সতর্কবার্তা তোয়াক্কা না করে পানিতে নামা পর্যটকদের নিরাপত্তায় ৩টি প্রধান পয়েন্টে তাঁদের টিম সজাগ দৃষ্টি রাখছে।কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, বেড়াতে আসা অতিথিদের নিরাপত্তা এবং হোটেল বা রেস্তোরাঁয় অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত রয়েছে। এ ছাড়াও পরিবেশ রক্ষা ও সুষ্ঠু পর্যটন রক্ষায় পর্যটকদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়েছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো