প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নছিমন চালকের
নূর আলম শেখ , (গোপালগঞ্জ) প্রতিনিধি ||
গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবোঝাই একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামের এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় জয়নগর-কাশিয়ানীগামী পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত রাসেল শেখ গোপালগঞ্জের পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার শাশুনিয়া এলাকার রফিক শেখের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নছিমন চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রাসেল শেখ নিজের তেলবোঝাই নছিমনটি চালিয়ে জয়নগর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হিরণ্যকান্দি সাকিনে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে নছিমনটি উল্টে গিয়ে রাসেল মারাত্মক আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় গাড়ির নিচে আটকা পড়েন।ঘটনার পর পরই স্থানীয় আশপাশের বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা মুমূর্ষু অবস্থায় রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ার কারণে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে, রাসেলের মর্মান্তিক মৃত্যুর খবর নিজ গ্রাম মুকসুদপুরের শাশুশিয়ায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে কান্না আর শোকের মাতম শুরু হয়। পরিবারের মেজো ছেলেকে হারিয়ে বাবা রফিক শেখসহ পরিবারের সদস্যরা একবারে দিশেহারা হয়ে পড়েছেন। শান্ত ও পরিশ্রমী এই তরুণের আকস্মিক প্রয়াণে পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।কাশিয়ানী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো