প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে তারিক সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজ স্ত্রী মিম আক্তারকে (২৩) নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এই চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী প্রথম স্ত্রী থাকা অবস্থায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদার। পরবর্তীতে ওই তরুণীকে ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় এবং নতুন নাম রাখা হয় মিম আক্তার। ধর্মান্তরিত করার পর তারিক তাঁকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাঁদের পারিবারিক জীবনে কোন্দল ও অশান্তি লেগে ছিল বলে জানান প্রতিবেশীরা।এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে উত্তেজিত হয়ে তারিক সিকদার স্ত্রীর ওপর চড়াও হন। অভিযোগ উঠেছে, তারিকের উপর্যুপরি আঘাতে বা আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান মিম আক্তার। ঘটনার পর পরই অভিযুক্ত তারিক সিকদার পালিয়ে যান।হত্যাকাণ্ডের খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের নির্দেশনায় মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা এবং এসআই রাসেলসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং নিহতের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পারিবারিক কলহের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো