প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় স্থানীয় জেলা প্রশাসন স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, কুসংস্কারমুক্ত এবং সুশিক্ষিত স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মূখ্য ভূমিকা পালন করে। আজকের এই ক্ষুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরবে। তিনি বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অপরাজিত দলগুলোকে আগামীতে আরও কঠোর অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জনের আহ্বান জানান। ছবি : সংগৃহীতঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শোভন সরকার এবং জেলা শিক্ষা অফিসার জনাব খোঃ রূহুল আমীন।ছবি : সংগৃহীতবিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য মাঠে নেমে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা শুধু আমাদের শরীরকে রোগমুক্ত ও কর্মক্ষম রাখে না, বরং এটি মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করতে জাদুর মতো কাজ করে। মাঠের খেলাধুলা তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক ও সামাজিক মূল্যবোধ এবং ইস্পাতকঠিন শৃঙ্খলাবোধ গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখে।তিনি আরও বলেন, প্রতিযোগী মনোভাব এবং ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্তে সাহসী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে, যা তাঁদের ভবিষ্যৎ বাস্তব ও কর্মজীবনে অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের চমৎকার নৈপুণ্যের প্রশংসা করে অতিথিগণ তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আনন্দমুখর এই সমাপনী আয়োজনে জেলার শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়ামোদী সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো