প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
সত্য ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি পাচ্ছে দুর্গা পূজায়
বিনোদন ডেস্ক ||
নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘চিরকুট’। তারুণ্যের মাতামাতি, বন্ধুত্ব, প্রেম আর নস্টালজিক আবহে ঘেরা সিনেমাটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে তরুণ নির্মাতা মুনতাসির আকিবের। আগামী দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ একঝাঁক শিল্পী।প্রথম সিনেমা নির্মাণ নিয়ে পরিচালক মুনতাসির আকিব জানান, নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি রোমাঞ্চকর ও সত্য ঘটনা থেকে গল্পটি সাজানো হয়েছে। সেই সময়ের আবেগ, আন্তরিক সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের একটা মেলবন্ধন তৈরি করতেই তাঁর এই প্রয়াস। সময়ের পরিবেশ ও অনুভূতিগুলো চলচ্চিত্রের পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।তবে প্রায় তিন দশক আগের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বর্তমান সময়ে পর্দায় হুবহু ফুটিয়ে তোলা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল বলে উল্লেখ করেন নির্মাতা। পোশাক-পরিচ্ছদ, ক্যাম্পাসের আবহ ও তৎকালীন জীবনযাত্রার নানা খুঁটিনাটি নিখুঁতভাবে উপস্থাপনে পুরো টিম অক্লান্ত পরিশ্রম করেছে।পরিচালনার পাশাপাশি ‘চিরকুট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মুনতাসির আকিব নিজেই। সিনেমাটির চমৎকার চারটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার এবং স্নেহাশিস চক্রবর্তী অভি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো