প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, একজনের মৃত্যু
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মুকসুদপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই সকালে মুকসুদপুরে টেকেরহাট বরইতলা সড়ক বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাসও সড়কের পাশের খাদে পড়ে যায়।মুকসুদপুর উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় বিল্লাল মোল্লা কমিশনের বাড়ির সামনে ঢাকা–খুলনা মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাছটি উপড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়।মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় সুবল দাশ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাশের ছেলে।দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে কৌশলে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়।রংপুরগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। ছবি : সংগৃহীতঅন্যদিকে, গোপালগঞ্জের শরীফ নূরজাহান ফিলিং স্টেশনের সামনে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।একই সকালে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া পারহাউজের সামনে বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কতজন আহত হয়েছেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।পৃথক তিনটি দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানা যাবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো