প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছেন।এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।সহকারী প্রেস সচিব জানান, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তি খাতসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও প্রধানমন্ত্রীর এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বক্তব্য প্রদান করেন।সফরকালে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো এতে প্রাধান্য পায়। এর পাশাপাশি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে দুই দেশের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা জোরদার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে নতুন করে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের এই বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় বৈঠকগুলো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ ও সার্বিক অর্থনৈতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো