প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
স্বাগতিক ইন্দোনেশিয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
খেলা ডেস্ক ||
জাকার্তার আবহাওয়া আর কন্ডিশন এখন আর অপরিচিত নয় লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশ ফুটবল দলের জন্য। ফিফা আসিয়ান কাপের টানা দুটি ম্যাচ খেলে ঐতিহাসিক বুং কার্নো স্টেডিয়ামের গ্রাউন্ডের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছেন জামাল ভূঁইয়ারা। তবে আসরের শেষ ম্যাচেই সবচেয়ে বড় ও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে কোচ টমাস ডুলির দল। প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক ইন্দোনেশিয়া।টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে কাঙ্ক্ষিত গোল কিংবা জয়—কোনোটাই পায়নি বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার কাছে ০-৩ এবং সিঙ্গাপুরের কাছে ০-১ গোলে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দল। ফিফা র্যাঙ্কিংয়েও বেশ এগিয়ে আজকের প্রতিপক্ষ। মালয়েশিয়া (১৩৬) ও সিঙ্গাপুরের (১৪৬) তুলনায় ১১৭তম স্থানে থাকা ইন্দোনেশিয়া ‘এ’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। তার ওপর স্বাগতিক হিসেবে স্টেডিয়ামে তাদের পেছনে থাকবে প্রায় ৭০ হাজার দর্শকের গর্জন। তবে মুখোমুখি লড়াইয়ের ঐতিহাসিক পরিসংখ্যানে দুই দলের সাফল্য সমান—তিন ম্যাচের সাক্ষাতে ১ জয়, ১ ড্র ও ১ পরাজয়।টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। অন্যদিকে, ফাইনালে ওঠার সমীকরণে থাকা ইন্দোনেশিয়ার ওপর রয়েছে বড় ব্যবধানে জেতার মনস্তাত্ত্বিক চাপ। কারণ, গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ দলের আমেরিকান হেড কোচ টমাস ডুলি মনে করেন, এই চাপটিকেই কাজে লাগাতে পারে বাংলাদেশ। ডুলি জানান, তারা নিজেদের মাঠে বিপুল দর্শকের সামনে খেলবে। ফাইনালে যেতে হলে তাদের অনেক গোল করতে হবে। তাই চাপটা তাদের ওপরই বেশি।কোচ ও খেলোয়াড়দের ভেতরের কিছু গুঞ্জন পেছনে ফেলে সব মনোযোগ এখন মাঠের খেলায় দিতে চান ডুলি। আগামী মাসে আয়োজিত হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের কথা স্মরণ করিয়ে দিয়ে কোচ বলেন, এই টুর্নামেন্টটি আমাদের জন্য বড় একটি শিক্ষার জায়গা। ভুলগুলো শুধরে এখান থেকে অর্জিত অভিজ্ঞতা আমরা সাফের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চাই।টানা দুই ম্যাচে চার গোল হজম করলেও কোনো গোল করতে না পারাটা দলের আক্রমণভাগের দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। তবে সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, স্বাগতিকদের বিপক্ষে বিশেষ কৌশল এঁটেছে দল। জামাল বলেন, ইন্দোনেশিয়া অবশ্যই ভালো দল। তাদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। ম্যাচে সতর্ক থেকে নিজেদের শতভাগ উজাড় করে দিতে চাই। জয় কিংবা ড্র—সমর্থকদের জন্য একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো