প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
শিক্ষকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আগামী প্রজন্ম গঠনের ঐতিহাসিক ৬০ বছর উদযাপনকে মূল প্রতিপাদ্য করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ (বিপিএম-সেবা), জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন।ছবি : সংগৃহীত আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি রঙিন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সম্মেলন কক্ষে এক উন্মুক্ত মতবিনিময় সভায় অংশ নেন অতিথিবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা।সভায় প্রধান অতিথি ডা. কে এম বাবর বলেন, একটি উন্নত ও আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনন্য। শ্রেণীকক্ষে তাঁরা কেবল পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের দেশপ্রেম ও উন্নত দূরদৃষ্টির অধিকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই তাঁদের পেশাগত সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা সম্পর্কে শুনেন এবং প্রশাসন ও শিক্ষক সমাজের মধ্যকার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তা দ্রুত নিরসনের দৃঢ় আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে জেলার সার্বিক শিক্ষার গুণগত মান উন্নত করতে শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং সর্বস্তরের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো