প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—এই সুনির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া, বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে মুকসুদপুর ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন কেজি স্কুল মাঠে শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সচেতনতামূলক অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের পরিচালনায় এ মহড়ায় কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং অগ্নিকাণ্ড বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আত্মরক্ষা ও উদ্ধারকাজ পরিচালনা করতে হয়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়।মহড়া শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ ভবনের 'বিজয়' সভাকক্ষে মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এক সচেতনতা বৃদ্ধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রাথমিক চিকিৎসার মহড়া প্রত্যক্ষ করছে স্কুলের শিক্ষার্থীরা। —ছবি: দৈনিক নতুন আলোমুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী ওলিউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর ফায়ার স্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন এবং মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রায়শই নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হতে হয়। যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের প্রাথমিক দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবার থেকে দুর্যোগ প্রস্তুতির সূচনা করার মাধ্যমে একটি সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো