প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে কেবল এককভাবে সরকারের উদ্যোগের ওপর ভরসা না করে দেশের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও নেতৃত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু নিরসনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। এর আগে, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিচ্ছন্নতা সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। সফরের সূচনালগ্নে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং আইসিইউ ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন স্পর্শকাতর বিভাগ ঘুরে দেখেন। তবে হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসা পরিবেশ উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের কঠোর আলটিমেটাম দেন। পরবর্তীতে রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বছরের এই সময়ে বিশেষ করে নভেম্বর পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে মারাত্মক রূপ নেয়। চিকিৎসা দেওয়ার চেয়ে ডেঙ্গু প্রতিরোধ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এর একমাত্র উপায় হলো চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা। প্রায় আড়াই কোটি মানুষের এই বিশাল ঢাকায় শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, বরং সচেতন নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরের বাড়তি তাপমাত্রা কমানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন। একই সঙ্গে ফুটপাতে বসানো ডাস্টবিন ও গাছের চারা চুরির মতো অসামাজিক কর্মকাণ্ড রোধে নাগরিকদের সামাজিক পাহারা জোরদার করার আহ্বান জানান তিনি। আলোচনার শেষভাগে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা তৈরি ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে তরুণদের সহযোগিতা চাইলে উপস্থিত শিক্ষার্থীরা করতালি ও ইতিবাচক সাড়ায় প্রধানমন্ত্রীকে সমর্থনের প্রতিশ্রুতি দেয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো