প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
প্রচারে এসেই নকলের অভিযোগ নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’
বিনোদন ডেস্ক ||
ছোট পর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’ প্রচারের শুরুতেই বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ধারাবাহিকটির বিরুদ্ধে জনপ্রিয় পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প, দৃশ্যপট এমনকি চরিত্রের পোশাক পর্যন্ত হুবহু নকল করার গুরুতর অভিযোগ তুলেছেন দর্শকরা। তবে নাটকের বিরুদ্ধে ওঠা এমন অনুলিপন বা নকলের অভিযোগ নিয়ে মোটেও চিন্তিত নন এর নির্মাতা তানভীর তন্ময়।এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্মাতা তানভীর তন্ময় জানান, নাটকের শুরুতেই পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এটি বিদেশি ড্রামা থেকে অনুপ্রাণিত। গল্পটি আপাতদৃষ্টিতে অনুকরণ বা কপি মনে হলেও বড় স্কেলে সেই জাঁকজমকপূর্ণ আয়োজন পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, ধারাবাহিকটির আরও কয়েকটি পর্ব প্রচারিত হলে দর্শক বুঝতে পারবেন যে এর ভেতরে নিজস্ব ও মৌলিক গল্পের আবহও রয়েছে। তাই প্রাথমিক এই সমালোচনাগুলোকে খুব বড় করে দেখতে নারাজ তিনি।সমালোচনার পাশাপাশি পজিটিভ ফিডব্যাকের কথা উল্লেখ করে নির্মাতা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এত বড় বাজেটে ধারাবাহিক নাটক নির্মিত হওয়ায় অনেকে প্রশংসা করছেন। এ ধরনের বড় বাজেটের নির্মাণ দেখে দেশের অন্য নির্মাতারাও ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার সাহস পাবেন বলে তিনি আশাবাদী। মূলত সাহস ও প্রাতিষ্ঠানিক অনুপ্রেরণার অভাব থেকেই শুরুতে এমন একটি বিদেশি গল্পের ওপর ভিত্তি করে কাজ শুরু করতে হয়েছে, যার মাধ্যমে পরবর্তীতে নিজস্ব মৌলিক গল্পও তুলে ধরা হবে বলে জানান তন্ময়।এদিকে নজর কেড়েছে নাটকের টাইটেল কার্ডে চিত্রনাট্যকারের নাম গোপন রাখার বিষয়টি। নাটকের সব কলাকুশলীকে যথাযথভাবে পরিচয় করিয়ে দেওয়া হলেও লেখকের নাম আড়ালে রাখা হয়েছে কেন—এমন প্রশ্নের জবাবে নির্মাতা জানান, নাটকের মূল লেখককে তখনই সামনে আনা হবে যখন তাদের নিজস্ব মৌলিক গল্পের অংশটুকু সম্প্রচার শুরু হবে। বর্তমানে যেহেতু বিদেশি গল্পের অনুপ্রেরণায় পর্বগুলো প্রচার চলছে, তাই এখনই লেখকের নাম উল্লেখ করা সমীচীন মনে হয়নি।চলতি বছরের শুরুতে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ নামের আরেকটি ধারাবাহিক দর্শকের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সফলতাই এই নাটকের ক্ষেত্রে প্রভাব ফেলেছে কি না—এমন প্রশ্নের জবাবে নির্মাতা স্পষ্ট করেন যে, ওই নাটকের সাফল্যের কারণে তারা অনুপ্রাণিত হননি। বরং এই ধারাবাহিকের পরিকল্পনা করা হয়েছিল প্রায় দুই বছর আগে। সে সময় অভিনেতা নিলয় একক নাটক নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে সিরিজধর্মী কাজের জনপ্রিয়তা দেখে এবং নিলয়ের আগ্রহেই এখন এটি নির্মাণের উপযুক্ত সময় বলে মনে করেছেন তারা।উল্লেখ্য, ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে নিলয় ও হিমি ছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি ও জাহিদ হোসেন শোভন প্রমুখ। এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার ধারাবাহিকটির নতুন পর্বগুলো নিয়মিত প্রকাশিত হচ্ছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো