প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সৌদি আরবে বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক ‘প্রবাস’-এর
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
সৌদি আরবে একজন বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদ কার্যকর করার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি অধিকার বিষয়ক সংগঠন ‘প্রবাস’। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিকের জীবন নিরাপত্তা, মৌলিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।আগামীকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হবে। মানববন্ধন কর্মসূচি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করার কথা রয়েছে।‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ এবং ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচির সহ-আয়োজক হিসেবে যুক্ত রয়েছে গণতন্ত্র ও জবাবদিহিভিত্তিক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি’ (স্যান্ড)। এ ছাড়া গবেষণা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।প্রবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত সংগঠন ‘প্রবাস’ জানিয়েছে, রবিবারের মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর চলা যেকোনো নির্যাতন ও হয়রানির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হবে। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার জোর দাবি জানানো হবে।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছেন। অথচ সেই রেমিড্যান্স যোদ্ধাদের জীবন, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম নৈতিক দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক আইনি জটিলতা বা বিপদে পড়লে তাকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এবং উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা অত্যন্ত জরুরি।আসন্ন স্মারকলিপিতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি যেকোনো নির্যাতনের অভিযোগের তাৎক্ষণিক তদন্ত এবং বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় সরকারের পক্ষ থেকে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হবে। দেশের এই সংকটময় মুহূর্তে প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হতে দেশের সকল মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের রবিবারের মানববন্ধনে সংহতি জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো