প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী
সাদিয়া নূর পূর্ণ , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুকসুদপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এবারের দিবসটির মূল প্রতিপাদ্য ছিল—‘হাত ধোয়ার নায়ক হোন’।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে নিয়ম মেনে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. বিপ্লব হোসেন, মুকসুদপুর পৌরসভার প্রকৌশলী মো. নাহিদ হোসেন এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানের আয়োজকরা বলেন, হাত পরিষ্কার রাখার অভ্যাস সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত। খাবার গ্রহণ ও প্রস্তুতের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং জীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে—এমন কাজের পর নিয়মিত সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া,আমাশয়সহ বিভিন্ন সংক্রামক ও মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।—ছবি: সংগৃহীতবিশ্ব হাত ধোয়া দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো