প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
এপিএল ড্রাফট ২০২৬: সাকিব ছাড়াও তালিকায় মুশফিক-মিরাজ-লিটনরা
খেলা ডেস্ক ||
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ জন শীর্ষস্থানীয় ক্রিকেটার। দেশের ক্রিকেটের পরিচিত মুখ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মতো অভিজ্ঞ তারকারা রয়েছেন এই তালিকায়। মঙ্গলবার (আজ) দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা ড্রাফট।ভারতের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রেক্স ডটকম’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ড্রাফটে জায়গা পাওয়া ১০ জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ছয়জনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে। এই তালিকায় আছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা পেয়েছেন ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে।এ ছাড়া ড্রাফটে থাকা বাংলাদেশের বাকি চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, পেসার শরীফুল ইসলাম এবং তরুণ গতি তারকা নাহিদ রানা।বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি এবারের এপিএলের ড্রাফটে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতিও লক্ষণীয়। এর মধ্যে পাকিস্তানের ২৯ জন এবং ভারতের তিনজন ক্রিকেটারের নাম রয়েছে। চমক জাগানো বিষয় হলো, ভারতীয় তিন ক্রিকেটারের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। আইপিএলে পরিচিত মুখ বিজয় শঙ্কর গত বছরের জুনে ৩৫ বছর বয়সে ভারতের জাতীয় দল তথা সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সাধারণত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশীয় ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয় না, তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর বিদেশি লিগগুলোতে খেলার পথ উন্মুক্ত হয়।পাকিস্তানের বড় নামের তালিকায় রয়েছেন ওপেনার সাইম আইয়ুব, মারকুটে ব্যাটার ফখর জামান, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ওপেনার ইমাম-উল-হক ও পেসার নাসিম শাহর মতো তারকারা। সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ফখর জামান। এ ছাড়া ড্রাফটে থাকছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও; তবে তিনি যুক্তরাজ্য বা ব্রিটিশ নাগরিক হিসেবে নিজেকে নিবন্ধন করেছেন। এর বাইরে সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েতের হয়ে নিবন্ধিত বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারও এবারের ড্রাফটের তালিকায় স্থান পেয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো