প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ইয়াছিন সেখ আটক: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখকে (৪০) আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। সোমবার (২৩ মার্চ) সকালে সুন্দরবনের ধানসিঁদ্দির চর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বনদস্যু ছোট সুমন বাহিনীর এক সদস্য ঈদের ছুটিতে সুন্দরবন থেকে এসে মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাতে মোংলা ও হারবাড়িয়া কোস্ট গার্ডের দুটি পৃথক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইয়াছিন সেখকে আটক করা হয়।পরবর্তীতে আটক ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সুন্দরবনের ধানসিঁদ্দির চর এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৪টি তাজা কার্তুজ ও ৪টি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।আটক ইয়াছিন সেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। জানা গেছে, তিনি ২০১৭ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর ১৩ জন সদস্যের সাথে র্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দস্যু সম্রাট সুমন পুনরায় তাঁর পুরনো সদস্যদের নিয়ে সুন্দরবনে দস্যুতা শুরু করেন। বর্তমানে এই বাহিনীতে প্রায় ১৮-২০ জন সশস্ত্র সদস্য রয়েছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন জানান, আটক ইয়াছিন দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে ডাকাতি, অস্ত্র সরবরাহ এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের কাজে লিপ্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে সুন্দরবনে দস্যুতা বৃদ্ধি পাওয়ায় কোস্ট গার্ড তাদের অভিযান জোরদার করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত অস্ত্র ও আটক বনদস্যুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ড নিশ্চিত করেছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো