প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
বগুড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট: বন্ধ হয়ে গেছে ৭২টি পেট্রলপাম্প
নিজস্ব প্রতিবেদক ||
জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে বগুড়া জেলায় ৭২টি পেট্রলপাম্পের কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় জেলায় যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।জানা গেছে, গত কয়েক দিন ধরেই জেলার পাম্পগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যায়। ঈদের আগের রাতে পাম্পগুলোতে তেলের জন্য গ্রাহকদের ব্যাপক চাপ ছিল। এর ফলে ঈদের দিন সকাল থেকেই মজুত দ্রুত ফুরিয়ে আসতে থাকে। ঈদের পরদিন রোববার কিছু পাম্পে তেল পাওয়া গেলেও সোমবার সকাল থেকে পর্যাপ্ত মজুত না থাকায় একে একে জেলার ৭২টি পাম্প বন্ধ করে দিতে বাধ্য হন মালিকেরা।সোমবার সরেজমিনে বিভিন্ন পেট্রলপাম্প ঘুরে দেখা গেছে, পাম্পের মেশিনের ওপর -জ্বালানি তেল নেই, লিখে রাখা হয়েছে। অনেক জায়গায় পাম্পগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। জ্বালানি তেল নিতে এসে অসংখ্য গ্রাহক দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যাচ্ছেন। পাম্পের কর্মচারীরা জানান, ঈদের আগের রাতেই বেশির ভাগ মজুত শেষ হয়ে গিয়েছিল, যা সোমবার এসে শূন্যের কোঠায় নেমেছে।রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন জানান, তেলের মজুত না থাকায় সোমবার থেকে জেলার ৭২টি পাম্পের কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার কোনো সম্ভাবনা নেই।হঠাৎ তেলের এই সংকটে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চালকেরাও দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো