প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি ঘিরে সকাল থেকেই উপজেলা জুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আরিফ কবির। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে শহীদ বেদি পরিণত হয় শ্রদ্ধা নিবেদনের মিলনমেলায়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, মুকসুদপুর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মরণ করে।রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুকসুদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস লক্ষ্য করা যায়।আয়োজনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার অংশগ্রহণে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বানও প্রতিধ্বনিত হয়।স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জাতির আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো