প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ থাকা ট্রেন চলাচল প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত দুটি বগি বিচ্ছিন্ন রেখে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি কুমিরা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।রেলওয়ে সূত্র জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির একটি পাওয়ার কার (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগে। পরে ক্ষতিগ্রস্ত বগি দুটি আলাদা করে চট্টগ্রামের রেলওয়ে মেরামত কারখানায় পাঠানো হয়।ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার সময়ই আগুন জ্বলতে থাকে। প্ল্যাটফর্মে অবস্থানরত কয়েকজন ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে চিৎকার দিয়ে ট্রেনের যাত্রীদের সতর্ক করেন।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, আগুন লাগার পর ট্রেনটির অক্ষত বগিগুলো প্রথমে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে নেওয়া হয়। পরে চট্টগ্রাম থেকে আরও দুটি বগি এনে সংযুক্ত করা হলে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণে অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসকে ফৌজদারহাট স্টেশনে ৩৫ মিনিট এবং ভাটিয়ারি স্টেশনে ৮ মিনিট আটকে রাখা হয়। একইভাবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনও অন্তত ১০ মিনিট বিলম্বিত হয়।ফৌজদারহাট স্টেশনে অবস্থানরত পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী জমির উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ছাড়ার অপেক্ষায় তাঁদের ট্রেন সকাল ১০টা পর্যন্ত আটকে রাখা হয়।স্টেশন মাস্টার নিতীশ চাকমা জানান, সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর পর্যায়ক্রমে পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে দেওয়া হয়।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, আগুনের ঘটনায় কোনো যাত্রী বা তাঁদের মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো