প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
ঐতিহ্য ফিরছে পুলিশে: পোশাক পরিবর্তনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নতুন আলো ডেস্ক ||
বাংলাদেশ পুলিশের বর্তমান পোশাক নিয়ে খোদ বাহিনীতেই অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং বাহিনীর সদস্যদের প্রত্যাশা অনুযায়ী পোশাক পরিবর্তনের বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।সালাহউদ্দিন আহমদ আরও জানান, রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে ইতিমধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে। তিনি নবীন কর্মকর্তাদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের সাথে কাজ করার এবং ডিজিটাল অপরাধ দমনে কারিগরি জ্ঞান অর্জনের আহ্বান জানান।এদিন ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন এএসপি সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইজিপি আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো