প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
রাজনৈতিক দল নয়, ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন: খেলোয়াড়দের প্রধানমন্ত্রী
নতুন আলো ডেস্ক ||
পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। ২০২৬ সালের নির্বাচনের আগে আমরা ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনরায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে শুরু হওয়া জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি বিটিভিতে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। এবার এর সাথে নতুন মাত্রা যোগ করে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস নামে বিশেষ কার্যক্রম চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খুদে অ্যাথলেটদের খুঁজে বের করা হবে।বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, খেলোয়াড়দের মূল পরিচয় হবে তাদের পারফরম্যান্স ও দেশের প্রতি আনুগত্য, কোনো রাজনৈতিক দলের পরিচয় নয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে সম্মাননা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো