প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
রাজধানীতে সাবেক এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডল। সোমবার সন্ধ্যায় ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।রাত ১১টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সেটিও যাচাই করে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।ডিবি সূত্রে জানা গেছে, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো