প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
ফিরে এলো পালকি-গরুর গাড়ির যুগ: ১০ মহিষের গাড়িতে ব্যতিক্রমী বরযাত্রা নাটোরে
নিজস্ব প্রতিবেদক ||
আধুনিক যুগের বিলাসবহুল পাজেরো বা কার নয়, বরং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করতে গরু, মহিষ ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন নাটোরের লালপুরের এক যুবক। মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে ব্যতিক্রমী এই বরযাত্রার আয়োজন করা হয়।জানা গেছে, বরের নাম বাঁধন, যিনি রাজশাহীর একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। কনে মেহেরুন্নেছা মৌও একই প্রতিষ্ঠানের ছাত্রী। দীর্ঘদিনের পরিচয় ও প্রণয় থেকে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে তারা বেছে নেন ১০টি গরু ও মহিষের গাড়ি এবং একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি।প্রতিটি গাড়িকে রঙিন কাগজের মোড়কে সাজানো হয়েছিল। আব্দুলপুর থেকে আড়বাব ইউনিয়নের সালামপুর গ্রামে কনের বাড়িতে এই দীর্ঘ গাড়িবহর যাওয়ার সময় রাস্তার দুপাশে শিশু থেকে বৃদ্ধ—সবাই ভিড় জমান। কৌতূহলী মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।বর বাঁধন বলেন, “আমরা দুজনেই গ্রামের সন্তান। আধুনিকতার যুগে যান্ত্রিকতাকে উপেক্ষা করে আমাদের শেকড় বা গ্রামীণ ঐতিহ্যকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ। যদিও গরু-মহিষের গাড়ি জোগাড় করা অনেক কঠিন ছিল, কিন্তু সবার আনন্দ দেখে খুব ভালো লাগছে।”ব্যতিক্রমী এই আয়োজনে ভীষণ খুশি কনে মেহেরুন্নেছা মৌ। তিনি জানান, তার বাবা-মাও তাদের বিয়ের সময় এমন গাড়িতে চড়েছিলেন, সেই স্মৃতি ফিরে আসায় তিনি আনন্দিত।স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর পর এমন দৃশ্য দেখে তারা আবেগাপ্লুত। এটি কেবল একটি বিয়ে নয়, বরং বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতিকে নতুন করে চেনার এক অনন্য উদ্যোগ।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো