প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
মানিকের গোল গড়ে দিল ভাগ্য: নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক ||
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপাল বাধা টপকে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে মোহাম্মদ মানিকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের যুবারা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে নেপালি রক্ষণভাগকে ব্যস্ত রাখে বাংলাদেশের ফুটবলাররা।ম্যাচের বাঁশি বাজার পর থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল সপ্তম মিনিটে। মুরশেদ আলীর পাস থেকে নাজমুল হুদা ফয়সাল বল পেলেও তাঁর শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ডি-বক্সে রোনান সুলিভান ফাঁকায় দাঁড়িয়ে থাকলেও তাঁকে বল পাস না দেওয়ায় সেই যাত্রায় আক্ষেপে পুড়তে হয় দলকে।তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের ১১ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। কর্নার কিক থেকে মুরশেদ আলীর বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মোহাম্মদ মানিক। তাঁর দর্শনীয় হেডে লিড নেয় বাংলাদেশ। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল, তবে বাংলাদেশের সুশৃঙ্খল রক্ষণভাগের সামনে সুবিধা করতে পারেনি তারা।বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। রোনান সুলিভান বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল ঘোষণা করেন রেফারি। বিরতির পর ৫৪ মিনিটে জয়ের কাছে একটি সুযোগ এলেও তিনি পা ছোঁয়াতে ব্যর্থ হন।অন্যদিকে, ৬০ মিনিটে ভাগ্যের জোরে রক্ষা পায় বাংলাদেশ। নেপালের বিজ্ঞান খাদকার দুর্দান্ত এক ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি তাদের।ম্যাচের শেষ দিকে নেপাল গোল পরিশোধে অল-আউট আক্রমণে যায়। ৯০ মিনিটে দূরপাল্লার এক শক্তিশালী শট মাটিতে পড়ে গিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ ইউসুফ। অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশও। বদলি নামা ডেক্লান সুলিভানের পাসে গোল করতে ব্যর্থ হন সুমন সোরেণ ও তাঁর ভাই রোনান সুলিভান।শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। শুরুতেই মানিকের করা সেই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় এবং বাংলাদেশকে নিয়ে যায় শিরোপার লড়াইয়ে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো