প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ: যুগ্ম সচিব
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে এবং চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ।মজুত ও আমদানির চিত্র সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ টন জ্বালানি তেলের মজুত আছে। এর মধ্যে ডিজেলের পরিমাণ ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রল রয়েছে ১২ হাজার ১৯৪ টন। এছাড়া সাপ্লাই লাইনে আরও বেশ কিছু জাহাজ আসার অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা থাকলেও বিকল্প উৎস থেকে আমদানির ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী।অবৈধ মজুত উদ্ধার ও অভিযান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী কঠোর অভিযান চালাচ্ছে সরকার। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বড় অংশই ডিজেল (২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার)। এসব ঘটনায় এ পর্যন্ত ১ কোটি ১ লাখ টাকার বেশি জরিমানা এবং ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।কৃষকদের জন্য বিশেষ নজরদারি চলমান সেচ মৌসুমে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিয়ে প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো কৃষক যেন ডিজেল থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে। এছাড়া ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই এবং সবাইকে সমানভাবে তেল দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো