প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর মাদারীপুরের শিবচর উপজেলার সীমানা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের ওপর আছড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় তাৎক্ষণিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে সাময়িকভাবে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো