প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
নতুন লাক্স সুপারস্টার রাজশাহীর বর্ণিতা, পুরস্কার পেলেন বিলাসবহুল গাড়ি ও সিনেমা
বিনোদন ডেস্ক ||
দীর্ঘ এক বছরের প্রতিক্ষা আর কঠোর প্রতিযোগিতার অবসান ঘটলো। গত শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে -লাক্স সুপারস্টার ২০২৫-এর মুকুট জিতলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। দেশসেরা সুন্দরীর এই খেতাব জেতার পাশাপাশি তিনি পেলেন একটি বিলাসবহুল গাড়ি এবং প্রখ্যাত নির্মাতা রায়হান রাফীর সিনেমায় অভিনয়ের সুযোগ।প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। বিজয়ী বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।পুরস্কার হিসেবে প্রথম রানারআপ নাযাহ নাওয়ার পেয়েছেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ আমিনা ইসলাম পেয়েছেন ৩ লাখ টাকা। এছাড়াও বিজয়ীদের নিয়ে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন নির্মাতা শিহাব শাহীন।বিজয়ীর মুকুট মাথায় পরার পর অশ্রুসিক্ত বর্ণিতা তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নাম ঘোষণার সময় আমার পা কাঁপছিল। যখন যাত্রা শুরু করি, ভাবিনি এতদূর আসতে পারব। আল্লাহর রহমতে এবং সবার ভালোবাসায় আজ আমি এখানে।এবারের আসরে প্রতিযোগীদের গ্রুমিং ও মেন্টর হিসেবে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। চূড়ান্ত পর্বে সেরা পাঁচের অন্য দুই প্রতিযোগী ছিলেন আফরীন ইয়ুমনা ও তিস্তা পাল।উল্লেখ্য, ২০০৫ সালে শানারেই দেবী শানুর হাত ধরে শুরু হওয়া এই প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম এবং মেহজাবীন চৌধুরীর মতো শীর্ষ তারকারা। ২০১৮ সালে সর্বশেষ মিম মানতাসা বিজয়ী হওয়ার দীর্ঘ বিরতির পর আবারও ফিরলো এই আয়োজন, যা দেশের বিনোদন অঙ্গনে নতুন তারকার জন্ম দিল।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো