প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতর থেকে এই প্রাণহানির ঘটনা ঘটে।আজ শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা ১টা ১৩ মিনিটে ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার নিরলস চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহ উদ্ধারের পাশাপাশি একজনকে অত্যন্ত গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।আগুনের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো