প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
টরন্টোর রাজকীয় আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত
আন্তর্জাতিক ডেস্ক ||
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে স্থানীয় ‘অ্যাট্রিয়া ওয়ান’ কনফারেন্স হলে এক রাজকীয় অভ্যার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে টরন্টোতে কর্মরত বিভিন্ন দেশের কনস্যুলার কোর, আন্তর্জাতিক বিজনেস চেম্বারের প্রতিনিধি এবং কানাডীয় রাজনীতিকরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল শাহ্ আলম খোকন মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কনসাল জেনারেল তার বক্তব্যে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, বাংলাদেশ আগামী ২০২৬ সালের জুনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করেছে। নবনির্বাচিত বাংলাদেশ সরকার এই পদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। তিনি এই নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন কামনা করেন।বিশেষ অতিথির বক্তব্যে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন দুই দেশের সুদীর্ঘ ও গভীর বন্ধুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি শ্রদ্ধাবোধই আমাদের সম্পর্কের মূল ভিত্তি। তিনি বাংলাদেশের উদীয়মান শিল্প ও অবকাঠামো খাতে কানাডীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং প্রবাসীদের দুই দেশের সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি অন্টারিওর মানসিক স্বাস্থ্য বিষয়ক সহযোগী মন্ত্রী বিজয় থানিগাসালাম কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কঠোর পরিশ্রম ও পারস্পরিক বন্ধনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাদেশিক সংসদ সদস্য আরিস বাবিকিয়ানসহ অন্টারিও ও সিটি কাউন্সিলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে আগত বিদেশি অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো