প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
গাংনীতে স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে শিক্ষার্থীরা
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে জমে থাকা জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত বছর টানা বৃষ্টির ফলে সৃষ্ট বিশাল জলাশয়টি এখন বালু ও মাটিতে ভরাট হয়ে খেলার উপযোগী হয়ে উঠছে।উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর গাংনীতে শিক্ষাপ্রতিষ্ঠানে চার মাস ধরে জলাবদ্ধতা, পাঠদান ব্যাহত শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। সংবাদটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সরেজমিন দেখা যায়, মাঠে মাটি ফেলার কাজ শেষ হয়েছে এবং বর্তমানে মাটি সমান করার কাজ চলছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৮ টন চাল (যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা) বরাদ্দ দিয়ে মাঠটি ভরাট ও সংস্কার করা হচ্ছে।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লামিয়া আনন্দ প্রকাশ করে বলে, গত বর্ষায় আমরা জলাবদ্ধতার মধ্যে ক্লাস করেছি। এখন মাঠে মাটি ভরাট হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা আবার সবাই মিলে খেলাধুলা করতে পারব। প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, জলাবদ্ধতার কারণে একটি ক্লাসরুমও বন্ধ রাখতে হয়েছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।গাংনী উপজেলার বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্বের চিত্র।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়েছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো