প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় কঠোর নজরদারি: অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহন করা হবে
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের প্রস্তুতি ও অবস্থান তুলে ধরেন।মন্ত্রী জানান, পরীক্ষা আয়োজনের পাশাপাশি উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। নির্ধারিত নিয়ম মেনে খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের প্রতি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সার্বিক মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশাসনিক প্রস্তুতি ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এদিকে শহরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের বিষয়েও আলোকপাত করেন মন্ত্রী। তিনি জানান, মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও সরাসরি শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।সভা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। পরবর্তীতে তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।সাংবাদিকদের সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সবশেষে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা ও একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করবে এবং পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো