প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার চরম পরিণতি: সব বন্দর অবরোধের ঘোষণা ওয়াশিংটনের
আন্তর্জাতিক ডেস্ক ||
ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার পরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছে, আজ সোমবার থেকে ইরানের সব বন্দরে অবরোধ শুরু হচ্ছে। এই ঘোষণা বিশ্ববাজারে তেলের দামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ ১৩ এপ্রিল গ্রিনিচ মান সময় বেলা ২টা থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া সমস্ত সামুদ্রিক ট্রাফিকের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সেন্টকমের ভাষ্যমতে, এই অবরোধ পারস্য উপসাগর ও ওমান উপসাগরের উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা প্রস্থানকারী সব দেশের জাহাজের ওপর প্রযোজ্য হবে। তবে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানি নয় এমন বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের চলাচলের স্বাধীনতায় বাধা দেবে না।মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪.২৪ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশ বেড়ে ১০২.২৯ ডলারে পৌঁছেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি সরবরাহ এই হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে।মার্কিন অবরোধের হুমকির জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো মার্কিন সামরিক জাহাজের উপস্থিতি ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আইআরজিসি স্পষ্ট করেছে যে, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছে।ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তেহরান ওয়াশিংটনকে দায়ী করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি গিয়েও মার্কিন আলোচকরা শর্ত পরিবর্তন করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি মন্তব্য করেছেন, হলিউড-স্টাইল কৌশল দিয়ে এই যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়া সম্ভব নয়। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত, আর এই পরিস্থিতি বৈশ্বিক বাজারের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দেবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো