প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ২৫
নিজস্ব প্রতিবেদক ||
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি বাস বাবলাতলা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঙ্গি বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে ছিটকে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এই দুর্ঘটনায় নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীর শেখ (৪২)।যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ।ছবি : সংগ্রহভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক দম্পতি জানান, তাঁরা বরিশাল যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি খাদে পড়ে যায়। জ্ঞান ফিরলে তাঁরা নিজেদের হাসপাতালের বিছানায় দেখতে পান। আহতের অনেকের অভিযোগ, দুর্ঘটনার পরপরই তাদের নগদ টাকা ও মোবাইল ফোন খোয়া গেছে, যা তাদের চরম বিপদের মুখে ফেলেছে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন মিয়া জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো