প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
রাজহাঁস জিতে নিলেন শহীদ সালাম বরকত হল: জাবিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ভেলাবাইচ
নতুন আলো ডেস্ক ||
চৈত্রসংক্রান্তি ১৪৩২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ভেলাবাইচ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনসংলগ্ন রঙ পুকুরে এই প্রতিযোগিতায় অংশ নেন ১১টি ছাত্র হলের ২২ প্রতিযোগী। জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) এই ভিন্নধর্মী আয়োজনের মূল উদ্যোক্তা।কলাগাছ দিয়ে তৈরি ১১টি ভেলায় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। নির্ধারিত দূরত্ব ২ মিনিট ৩৫ সেকেন্ডে অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছে শহীদ সালাম বরকত হল। এছাড়া ৩ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় হয়েছে নবাব সলিমুল্লাহ হল এবং ৩ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আ ফ ম কামালউদ্দিন হল।পুরস্কারের ক্ষেত্রেও ছিল বাঙালিয়ানার ছাপ। প্রথম হওয়া দলকে একটি রাজহাঁস, দ্বিতীয় স্থান অধিকারীকে দেশি মুরগি এবং তৃতীয় স্থান অধিকারীকে এক জোড়া কবুতর পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।ভেলাবাইচ উপভোগ করতে রঙ পুকুরের চারপাশে ভিড় জমিয়েছিলেন শত শত শিক্ষার্থী। জাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও এই আয়োজনের মুখ্য উদ্যোক্তা মুহিবুল্লাহ শেখ জানান, এটি তাদের ১১তম কর্মসূচি। তিনি বলেন, সব কাজে বৈচিত্র্য রাখার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই ব্যতিক্রমী আয়োজন।ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান বলেন, ক্লাস বাদ দিয়ে বন্ধুরা মিলে এই প্রথম এমন আয়োজনে এসেছি। সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এই ভেলাবাইচ আমাদের অনেক আনন্দ দিয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো