প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে আশার আলো বিয়ানীবাজার গ্যাস ফিল্ড: কমছে উৎপাদন, বাড়ছে উদ্বেগ
নতুন আলো ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ড হতে পারে এক বড় ভরসার জায়গা। তবে আধুনিকায়নের অভাবে এই গ্যাসক্ষেত্র থেকে মূল্যবান কনডেনসেট উৎপাদন ক্রমাগত হ্রাস পাওয়ায় শঙ্কা বাড়ছে সংশ্লিষ্ট মহলে।কনডেনসেট হলো প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সময় পাওয়া এক প্রকার তরল হাইড্রোকার্বন। বিয়ানীবাজার থেকে উৎপাদিত এই কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর প্ল্যান্টে পাঠানো হয়। সেখানে প্রক্রিয়াজাত হয়ে এটি দেশের পেট্রোল ও অকটেনের চাহিদার ৫-৭ শতাংশ মেটাতে সক্ষম।এক সময় বিয়ানীবাজার থেকে দৈনিক ২২৯ ব্যারেলের বেশি কনডেনসেট উৎপাদিত হলেও, বর্তমানে তা কমে মাত্র ১০০ ব্যারেলে (প্রায় ২২ হাজার লিটার) নেমে এসেছে। ১৯৮১ সালে আবিষ্কৃত এই ফিল্ডটির আধুনিকায়ন না হওয়ায় উৎপাদন সক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু জাফর মো. সালেহ জানান, অকটেন ও পেট্রোলের নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকা সত্ত্বেও বাজারে যে সংকট দেখা দিয়েছে, তার অন্যতম কারণ অতিরিক্ত চাহিদা এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপে সরকার অকটেন উৎপাদন বাড়ানোর নির্দেশনা দিয়েছে। যথাযথ ব্যবস্থা নিলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।এসজিএফএল-এর লিকুইড পেট্রোলিয়াম মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী জীবন শান্তি সরকার জানান, এসজিএফএল-এর প্ল্যান্ট দেশীয় কনডেনসেট থেকে দৈনিক চার হাজার ব্যারেলের বেশি পেট্রোল ও অকটেন উৎপাদন করছে, যার একটি বড় অংশ আসছে বিয়ানীবাজারের মতো ক্ষেত্রগুলো থেকে।বিশেষজ্ঞদের মতে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের কূপগুলোর সঠিক উন্নয়ন ও আধুনিকায়ন করা হলে জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। এটি কেবল আমদানিনির্ভরতা কমাবে না, বরং অকটেনের গুণগত মান নিশ্চিত করতেও সহায়ক হবে। স্থানীয় পর্যায়ে অনেকেরই কনডেনসেট উৎপাদন সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও, জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম।সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবিলায় আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস ফিল্ডগুলোর সক্ষমতা বাড়ানোই এখন সময়ের প্রধান দাবি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো