প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
হাওরে নতুন আতঙ্ক জলাবদ্ধতা : বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে প্রাণহানি, ঝুঁকিতে কোটি টাকার ফসল
নতুন আলো ডেস্ক ||
অকালবন্যা ও পাহাড়ি ঢলের চিরচেনা দুশ্চিন্তার সাথে এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধ ও জলাবদ্ধতা। সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজার হেক্টরের বেশি জমির বোরো ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মধ্যে বিরোধ তুঙ্গে, যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে এক তরুণের প্রাণ।কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় হাওরের পরিস্থিতি নাজুক। এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯ হেক্টর জমির ফসল প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখার হাওরসহ জেলার ৯২টি হাওরেই কমবেশি পানি জমেছে।সরেজমিনে দেখা যায়, মহাসিং নদসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে হাওরের আফর (উঁচু স্থান) উপচে পানি ঢুকছে। ফসল বাঁচাতে কৃষকরা প্রশাসনের অনুমতি ছাড়াই অনেক স্থানে বাঁধ কেটে দিচ্ছেন। এই উত্তেজনার মধ্যেই গত ১২ এপ্রিল মধ্যনগরের রূপেশ্বর হাওরে বাঁধের তীর ধসে আরমান মিয়া (১৮) নামের এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। নিজের ও অন্যের বর্গাচাষের জমি বাঁচাতে গিয়ে প্রাণ হারানো আরমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, এবার নতুন দুর্যোগ হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি রোধে স্লুইসগেইট অপরিহার্য হলেও তার কোনো পরিকল্পনা নেই। গবেষণা ও পরিকল্পনা ছাড়া যত্রতত্র বাঁধ দিয়ে কৃষকদের বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বাঁধের কারণে পানি নামতে পারছে না।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বিগত সময়ে স্লুইসগেইট নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে বর্তমানে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বাছাই করছেন এবং স্লুইসগেইটের পাশাপাশি বক্স আউটলেট দেওয়ার চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, কৃষি বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহে ধান কাটা পুরোপুরি শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো